সর্বশেষ গত জানুয়ারিতে হাবিব ওয়াহিদের ফিচারিংয়ে ‘তোমার অপেক্ষায়’ নামে একক গান প্রকাশ করেন কণ্ঠশিল্পী সালমা। কয়েক মাস পর ফের প্রকাশ হচ্ছে তার নতুন গান। তবে এটি মৌলিক কোনো গান নয়। এবার তিনি কণ্ঠ দিয়েছেন প্রয়াত বাউল সম্রাট শাহ আবদুল করিমের একটি গানে।
গানটির শিরোনাম ‘আমার বাড়ি আইলানা ক্যানে’। শ্রোতাপ্রিয় এই গানটিতে সালমার সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন চৌধুরী কামাল। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন জনপ্রিয় গায়ক বাপ্পা মজুমদার।
গানটির বিষয়ে সালমা বলেন, গত ফেব্রুয়ারি মাসে গানটির রেকর্ডিং হয়েছে। এখন ভিডিও তৈরির কাজ চলছে। আশা করছি চলতি মাসেই সব কাজ শেষ হবে। এছাড়া কয়েকটি নতুন গান এরই মধ্যে এসেছে আমার কাছে। করোনার পরিস্থিতির উন্নতি হলে গানগুলোতে কণ্ঠ দেবো।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার


























