ভারতে নরেন্দ্র মোদি সরকারের পরিবর্তন চান জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। তবে বাংলাদেশ বা নেপালের মতো ভারতে মোদি সরকারের পতন ঘটাতে চান না তারা।
শুক্রবার (১৬ অক্টোবর) ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রকাশ রাজ।
তিনি বলেন, ‘আমরা সরকারের পতন চাই। আমরা এই দেশে গণতান্ত্রিকভাবেই তাদের পতন ঘটাব।’
ভারতের সঙ্গে বাংলাদেশ ও নেপালের পরিস্থিতির তুলনা টেনে প্রকাশ রাজ বলেন, ‘আমরা নেপাল নই। এটা বাংলাদেশও নয়। আমাদের আম্বেদকর আছেন, আমাদের গান্ধী আছেন। আমাদের ভগৎ সিং আছেন। আমাদের সংবিধান আছে। আমাদের ভোটের অধিকারও আছে।’
দিল্লিতে প্রস্তাবিত ‘তিরঙ্গা মার্চ’-এর আগে ছাত্রনেতা ও রাজনৈতিক কর্মীদের আটকের ঘটনায় এই মন্তব্য করেন তিনি। শুক্রবার দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের অভিযানে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) প্রধান নেহা বোরা আটক হন।
আন্দোলনে বিদেশি অর্থায়ন রয়েছে এবং এর মাধ্যমে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে- এমন অভিযোগের জবাবে প্রকাশ রাজ কর্তৃপক্ষের কাছে প্রমাণ দাবি করেন। তিনি বলেন, ‘শুধু বললেই হবে না। প্রমাণ দেখাতে হবে।’
ছাত্রনেতাদের আটকের সমালোচনা করে তিনি আরও বলেন, তাদের মধ্যে ভয় স্পষ্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে প্রকাশ রাজ প্রশ্ন তোলেন, ‘আপনার হার ঘর তিরঙ্গার কী হলো? আপনিই তো প্রথম এমন উদ্যোগ শুরু করেছিলেন। এখন একটি শান্তিপূর্ণ আন্দোলনে যাওয়ার জন্য আপনিই ছাত্রদের গ্রেফতার করছেন কেন?’
প্রকাশ রাজের দাবি, বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছেন এবং তাদের হাতে কোনো অস্ত্র নেই। তারা আম্বেদকর ও মহাত্মা গান্ধীর আদর্শ অনুসরণ করছেন বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, নেহা বোরাকে শনিবার (১৭ অক্টোবর) ভোরে মুক্তি দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে অভিজিৎ দীপককে কোথায় রাখা হয়েছে, তা নিয়ে উদ্বেগ জানিয়েছে তার দল।
সিজেপির আইনবিষয়ক প্রধান রত্না সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, দীপককে গ্রেফতার করা হয়েছে এবং তাকে এসইএম আদালতে হাজির করার কথা বলা হয়েছে। তবে তার অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।
ডিএস./























