সাংবাদিক অভিনেতা আহমেদ সাব্বির রোমিওর পরিচালনায় আসন্ন বাবা দিবস উপলক্ষে নির্মিত ” এক কেজি চাল ” স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করছেন নবাগত চিত্রনায়িকা প্রিয়াংকা ইসলাম।
নির্মাতা আহমেদ সাব্বির রোমিও জানান ” ফেসবুক টাইমলাইন স্ট্যাটাস থেকে নেয়া একটি কাহিনী কে কেন্দ্র করে ” এক কেজি চাল ” স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে।
বর্তমানে করোনা পরিস্থিতিতে লকডাউনে থাকা একটি নিম্ন বিত্ত পরিবারের অভাবের চিত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। চলচ্চিত্রের একটি দৃশ্যে দেখা যাবে, প্রিয়াংকা তার বাবাকে মুঠোফোনে ফোন করে চাল আনতে বলবে। ঘরে শুধু তেল পেঁয়াজ ছাড়া আলু ভর্তা করেছে সে। তার বাবা চাল আনলে তার মা ভাত রান্না করবে। তখন তারা পরিবার নিয়ে এক বেলা খেতে পারবে।
পরবর্তীতে দেখা যায়, প্রিয়াংকার বাবা এক কেজি চাল নিয়ে বাসায় ফেরার পথে রাস্তায় হঠাৎ করেই হাঁপানির শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তিনি দীর্ঘদিন ধরেই হাঁপানি রোগে ভুগছিলেন। কিন্তু করোনার সন্দেহে কেউ তার বাবার লাশের কাছে আসে না।”
নির্মাতা রোমিও বলেন, নবাগত চিত্রনায়িকা প্রিয়াংকা ইসলাম এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করেছেন। দর্শকরা তার অভিনয় দেখে মুগ্ধ হবেন। প্রিয়াংকা ছাড়াও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আরো যারা অভিনয় করেছেন তারা হলেন, সাজু আহমেদ, রোজিনা সুমি এবং বাবার চরিত্রে নির্মাতা নিজেই অভিনয় করেন।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণে সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন পরিচালক আসাদুজ্জামান আজাদ। আগামী একুশে জুন বাবা দিবসে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি এস নূর মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























