বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় অতিরিক্ত সিমেন্ট বোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এতে জেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার (১৮ জুলাই) সকালে বগুড়া সারিয়াকান্দি সড়কে গাবতলী উপজেলার সাবাসপুর নামকস্থানে বরুঙ্গী বিলের ওপর বেইলি ব্রিজটি ভেঙে পড়ে।
স্থানীয়রা জানায়, ১০ চাকার একটি ট্রাক ৫০ টন সিমেন্ট নিয়ে সারিয়াকান্দি যাচ্ছিল। ট্রাকটি সাবাসপুর বরুঙ্গী বিলের ব্রিজের ওপর উঠলে সেটা ভেঙে পড়ে। ঘটনার পর পরই ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যায়।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, বেইলি ব্রিজটি পুরাতন ও ঝুকিপূর্ণ হওয়ায় ৫ টনের অতিরিক্ত পণ্য পরিবহন করা যাবে না মর্মে ২টি সাইনবোর্ড দেওয়া হয়। কিন্তু কয়েকদিন আগেই একটি সাইনবোর্ড ভেঙে যায় ও অপরটি চুরি হয়ে যায়।
বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, ‘ট্রাকটি সরানোর পর ব্রিজটি ঠিক করা হবে। অতিরিক্ত বোঝাইয়ের কারণে ব্রিজটি ভেঙে গেছে। এ ঘটনায় ট্রাকের মালিকের নামে মামলা করা হবে।’
বিজনেস বাংলাদেশ / ইমরান মাসুদ






















