তাঁর নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে ২৯ অক্টোবর। সব কিছু ঠিক থাকলে নভেম্বরে শ্রীলঙ্কায় সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়েই সাকিব আল হাসানের ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়ে রেখেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। সেই প্রস্তুতি নিতেই দেশে ফেরা সাকিব ৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে নিবিড় অনুশীলনেও নেমে পড়েছিলেন। কিন্তু শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যাওয়ায় এই অলরাউন্ডার আবারও যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানের কাছে ফিরে গেছেন। তবে ফিরবেনও দ্রুতই। কারণ নাজমুলের ভাষ্যানুযায়ী আগামী মাসের মাঝামাঝি সময়ে সম্ভাব্য করপোরেট টি-টোয়েন্টি লিগ দিয়েই ক্রিকেটে ফিরতে চলেছেন সাকিব।
সে ক্ষেত্রে অন্তত দিন পনেরো আগে ফিরে তো প্রস্তুতি শুরুরও ব্যাপার আছে। শুধু সাকিব নন, একই আসর দিয়ে মাশরাফি বিন মর্তুজাও খেলায় ফিরবেন বলে কাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন নাজমুল। এর আগে ১১ অক্টোবর থেকে তিন দলের যে ওয়ানডে আসর বসছে, সেটিতে মাশরাফির না থাকার কারণও ব্যাখ্যা করেছেন তিনি, ‘তিন দলের টুর্নামেন্টে ও খেলতে চায়নি, ব্যাপারটি এমন নয়। ওর প্রস্তুতির বিষয় আছে। তা ছাড়া টুর্নামেন্টটির কথা সে হঠাৎ করেই শুনেছে। পরবর্তী যে টুর্নামেন্ট আছে, তাতে মাশরাফি অবশ্যই খেলবে।’
তবে পরবর্তী আসরটি যে করপোরেট টি-টোয়েন্টি লিগই হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত নন বিসিবি সভাপতি, ‘এটি করপোরেট লিগই হবে নাকি বিসিবির পৃষ্ঠপোষকতায়, তা এখনই বলতে পারছি না।’ পাঁচ দলের সেই টুর্নামেন্ট আয়োজনে এরই মধ্যে তিনটি প্রতিষ্ঠানের সাড়াও মিলেছে বলে জানালেন নাজমুল। তবে ইঙ্গিত দিয়েছেন যে শেষ পর্যন্ত আসরটি করপোরেট লিগই হতে পারে, ‘এটি খুব কম বাজেটের টুর্নামেন্ট। বিপিএলের মতো অনেক টাকার নয়। কাজেই আমার মনে হয় না এটি আয়োজনে কোনো সমস্যা হবে।’
বিজনেস বাংলাদেশ/ এ আর


























