ধর্ষক-নিপীড়কদের প্রতি ঘৃনা জানাতে মানিকগঞ্জে ডাস্টবিন স্থাপন করে সেখানে থুথু ও ময়লা নিক্ষেপ করছে শিক্ষার্থী ও সাধারণ মানুষজন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে জেলা শহরের শহীদ রফিক চত্বর এলাকায় মানিকগঞ্জ নিপীড়নবিরোধী ছাত্রজোট ধর্ষক-নিপীড়কদের ঘৃণা জানাতে এমন কর্মসূচির আয়োজন করে।
ধর্ষক-নিপীড়কদের ঘৃণার পাশাপাশি তাদেরকে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়ে নিপীড়নবিরোধী ছাত্র জোটের নেতা-কর্মীরা বলেন, ‘ধর্ষণ ও নিপীড়ন রোধে আইনের কঠোর প্রয়োগ যেমন প্রয়োজন, তেমনি সামাজিক এবং রাজনৈতিকভাবে সংগঠনগুলোর মধ্যে ধর্ষণবিরোধী নৈতিক মুল্যবোধ গড়ে তুলতে হবে। ’
ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড আইনকে স্বাগত জানিয়ে সংগঠনের কর্মীরা আরও বলেন, ‘বিচারহীনতার কারণে ধর্ষণে ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ আইন কাগজে কলমে সীমাবদ্ধ রাখলে হবে না। দলমত নির্বিশেষে এ আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। ’
এছাড়াও পাঠ্যপুস্তকে নারীর প্রতি অবমাননা-বৈষম্যমুলক যেকোনো প্রবন্ধ, পরিচ্ছদ, ছবি, নির্দেশনা ও শব্দচয়ন পরিহার করতে হবে। ধর্মীয় সব ধরনের সভা-সমাবেশে নারীবিরোধী বক্তব্য শাস্তি যোগ্য অপরাধ হিসেবে গন্য করার আহ্বান জানান তারা।
মানিকগঞ্জ নিপীড়নবিরোধী ছাত্রজোটের আহ্বায়ক এমআর লিটন, সদস্য সচিব রাসেল আহম্মেদ, যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, অনিকা হোসাইন, রোকনুজ্জামান রাসেলসহ অনেকেই এসময় উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















