গাজীপুরের কাপাসিয়ায় আর্ত মানবতার সেবায় নিয়োজিত শিক্ষক মোমতাজ উদ্দিনের মানবতার ঘর থেকে অসহায় হতদরিদ্র অসচ্ছল ১৭ জন বিধবাসহ ২৫টি হিন্দু পরিবারের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার টোক নয়ন বাজার মন্দিরে সার্বজনিন দূর্গাউৎসব উপলক্ষে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আমানত হোসেন খান ও টোক বাজার হিন্দু ব্যবসায়ীদের সহযোগিতায় শাড়ি, থ্রি পিস, আতপ চাল, নারকেল, চিনিসহ বিভিন্ন সবজি মানবতার ঘর থেকে অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আমানত হোসেন খান, পূজা কমিটির সভাপতি পবিত্র কুমার সাহা, সাধারণ সম্পাদক নির্মল ঘোষ, মন্দির কমিটির সভাপতি শ্রী প্রহলাত কুমার পাল, সাবেক প্রধান শিক্ষক সন্তোষ ঘোষ, স্থানীয় সেচ্ছাসেবকলীগ নেতা নূর মোহাম্মদ, ব্যাংক কর্মকর্তা শরিফ সোহেল, জিইউজে’র যুগ্ন সাধারণ সম্পাদক নূরুল আমীন সিকদার, ব্যবসায়ী উদয় চন্দ্র বর্মন।
মানবতার ঘরের প্রতিষ্ঠাতা শিক্ষক মোমতাজ উদ্দিন জানান, এ পর্যন্ত মানবতার ঘর থেকে খাদ্য সহায়তা পেয়েছে ২৪৫০টি পরিবার। ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৪০ জন শিক্ষার্থী খাদ্য ও শিক্ষা উপকরণ পেয়েছে। নগদ অর্থ পেয়েছে ৪৮ জন মাদরাসা পড়ুয়া এতিম শিক্ষার্থী।
বিজনেস বাংলাদেশ/বিএইচ























