পঞ্চগড়ে কন্যাশিশু দিবস উপলক্ষে নবম শ্রেণির এক স্কুলছাত্রী এক ঘন্টার জন্য সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন।
বুধবার বেলা ১২ টার দিকে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী এবং ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্সের (এনসিটিএফ) পঞ্চগড় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা মনথর কাছে এক ঘন্টার জন্য প্রতীকী উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করেন।
এই এক ঘন্টার জন্য তার অধীনস্থ হয় উপজেলা পরিষদের কর্মকতা কর্মচারীরা। এই সময় তিনি উপজেলা পরিষদের বিভিন্ন কার্য সম্পাদনসহ তদারকিও করেন।
হাসনাহেনা মন প্রতীকী দায়িত্ব নিয়েই পঞ্চগড় সদর উপজেলাকে নারী বান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন।
পরে তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ করে নারীর উন্নয়নে কাজ করতে হবে, বাল্যবিয়ে রোধে সবাইকে এগিয়ে আসতে হবে।
এক ঘন্টার উপজেলা চেয়ারম্যানের সকল প্রস্তাবনা বাস্তবায়নের ঘোষণা দিয়ে উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, নারীর অবদান এখন দেশের গুরুত্বপূর্ণ স্থানে। আজকের তরুন প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। আমরা নারী বান্ধব উপজেলা ও নারীর সংহিংসতা রোধে কাজ করবো এবং স্কুলছাত্রীর সকল সুপারিশ আমরা বাস্তববায়ন করার চেষ্টা করবো।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজাহার আলী, ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ) এর ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার মারুফ হাসান আরিফ, ওমেন্স ভলেন্টিয়ার নিশাত পারভিন নিশিসহ উপজেলার বিভিন্ন পদস্থ কর্মকর্তারা
বিজনেস বাংলাদেশ/ এ আর























