৩৭তম বিসিএস পরীক্ষার্থীদের নম্বরপত্র গত সোমবার (২ নভেম্বর) প্রার্থীদের স্থায়ী ঠিকানায় ডাকযোগে পাঠিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ নভেম্বর ৩৭তম বিসিএস পরীক্ষার্থীর নম্বরপত্র প্রার্থীদের স্থায়ী ঠিকানায় ডাকযোগে পাঠানো হয়েছে। যদি কোনও প্রার্থী তাদের নম্বরপত্র না পেয়ে থাকেন তাহলে পোস্ট অফিসে যোগাযোগ করে নম্বরপত্র সংগ্রহ করতে অনুরোধ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়ে শেষ হয় গত বছরের ২৩ মে। এই পরীক্ষায় পাঁচ হাজার ৩৭৯ জন পাস করেন। ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেন দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। প্রাথমিক বাছাইয়ে আট হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় অংশ নেন আট হাজার ৩১ জন।
৩৭তম বিসিএস থেকে এক হাজার ৩১৪ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এর মধ্যে এক হাজার ২২১ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর সুপারিশ করা অন্যরা বাদ পড়েছে নিয়োগ থেকে। আর গত বছর ৮ আগস্ট নন-ক্যাডার প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির পদে মোট ১১৩ জনের সুপারিশ করেছে পিএসসি।


















