এবার অনশন শুরু করেছেন ভারতের কৃষকরা। নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে তাদের এই অনশন। সোমবার সকাল ৮টা থেকে দিল্লির একাধিক সীমান্তে অনশনে বসেছে কৃষক সংগঠনগুলি। বিকাল ৫টা পর্যন্ত এই অনশন কর্মসূচি জারি থাকবে।
ইতোমধ্যে স্তব্ধ হয়ে গিয়েছে দিল্লি-জয়পুর হাইওয়ের একাংশ। আন্দোলনকারীদের দাবি, গোটা দেশজুড়ে বিভিন্ন সংগঠনের প্রায় লক্ষাধিক সদস্যরাও অনশন ও ধর্নায় অংশ নিয়েছেন। রবিবার রাতেই রাজস্থান, হরিয়ানা থেকে বহু কৃষক অনশন কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর সীমান্তে পৌঁছেছেন। পাশাপাশি কৃষকদের পাশে থাকতে অনশন করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। আপ সমর্থকদেরও এই অনশনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে, উত্তরাখণ্ডের একটি সংগঠন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে দেখা করে কৃষি আইনের প্রতি সমর্থন জানিয়েছে। ফলে তাদের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে আন্দোলনকারীরা।
উল্লেখ্য, তিনটি কৃষি আইন নিয়ে কেন্দ্রের সঙ্গে বেশ কয়েক দফায় বৈঠক হয়েছে কৃষকদের। কিন্তু কোনও সমাধান সূত্র পাওয়া যায়নি। সরকার আইন প্রত্যাহার করতে নারাজ হলেও কৃষক সংগঠনগুলি তাদের দাবিতে অনড় রয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























