বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোবারেক হোসেন (৭০) নামে সাবেক এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহা সড়কের বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাবেক পুলিশ কর্মকর্তা মো. মোবারেক হোসেন উপজেলার মাধবপাশা ইউনিয়নে মধ্য পাংশা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক এই পুলিশ কর্মকর্তা রহমতপুর বাজার থেকে মাধবপাশা ইউনিয়নের মধ্য পাংশা গ্রামের উদ্দেশে নিজের মোটরসাইকেল (নং বরিশাল-হ-১২-৫৮৮৩) মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতি-২ অতিক্রমকালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল আরোহী পুলিশ কর্মকর্তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে প্রায় ৫ শ গজ দূরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থালেই তিনি নিহত হন।
এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানান, নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















