বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন(বিসিক) নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে পাঁচদিন ব্যাপী শিল্প উন্নয়ন উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিসিক কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির। বিসিক নীলফামারী জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরেল হক এতে সভাপতিত্ব করেন।
প্রমোশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আবুল কালাম মিন্টু, বিসিক প্রধান কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা লাকী আক্তার ও নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ নেয়া ২৪জনকে সনদ পত্র প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির বলেন, প্রশিক্ষণ নিয়ে বসে থাকলে হবে না। উদ্যোক্তা হতে হবে এজন্য সরকার পাশে আছে এবং সুযোগ সৃষ্টি করে রেখেছে।
প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে ডিসি বলেন, উদ্দেশ্য নিয়ে শুরু করলে সেটা বাস্তবায়ন করা যায় এজন্য লক্ষ্য স্থির করে এগিয়ে গেলে পিছনে ফেরার সুযোগ থাকে না।
বিসিক নীলফামারী জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরেল হক জানান, ২০২৬-২০২৭ অর্থ বছরে এটি প্রথম ব্যাচ। ২৫জন এতে অংশ নেন। প্রশিক্ষণে আমরা উদ্যোক্তা হওয়ার জন্য যা প্রয়োজন সে সব বিষয়ের উপর ধারণা দিয়ে থাকি।
ডিএস./



















