গাজীপুরে জয়দেবপুর রেলওয়ে জংশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি, ট্রেনের বগি বৃদ্ধি, জয়দেবপুর রেল ক্রসিং-এ ওভারব্রিজ নির্মাণসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত ঘণ্টাব্যাপী নগরীর জয়দেবপুর রেল জংশনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উত্তরবঙ্গ ও উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ থাকে। এই কর্মসূচি চলাকালে জয়দেবপুর স্টেশনে ঢাকা ও উত্তরবঙ্গগামী তিনটি ট্রেন আটকে থাকে। এছাড়া স্টেশনের বাইরে দুদিকে আটকে থাকে দুটি ট্রেন এবং আরো কয়েক ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে।
গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটি এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. সামসুল হকের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধা হাতেম আলী, আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম, সাবেক মহিলা ওয়ার্ড কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকা জুলি, মোহাম্মদ শরীফ হোসাইন প্রমুখ।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী সামসুল হক বলেন, করোনাকালীন সময়ে ‘অতিরিক্ত যাত্রী নিয়ন্ত্রণ প্রকল্প’ নামে একটি প্রকল্প চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রকল্পটির মাধ্যমে রেলওয়ে পরিচালিত ট্রেনগুলিতে আসনবিহীন যাত্রী নিয়ন্ত্রণ করা হলেও বেসরকারিভাবে চালিত ট্রেনগুলি চলছে নিয়ন্ত্রণহীনভাবে। এতে সীমাহীন কষ্টে পড়েছে গাজীপুর থেকে ঢাকায় যাতায়তকারী নিয়মিত যাত্রীরা।
কর্মসূচি চলাকালে বক্তারা আরও বলেন, শিল্প শহরের এই স্টেশনে নয়টি আন্তঃনগর ট্রেন স্টপেজ দেয়া হচ্ছে না। প্রতিদিন দুর্ভোগে পড়েছে হাজার হাজার কর্মজীবী মানুষ। ফ্লাইওভার না থাকায় প্রতিদিন ৭২ বার যানবাহন আটকে থাকে এই রেলগেটে। গাজীপুরের ৭০ লক্ষ মানুষের দাবি মেনে দ্রুত এসব সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন ও কঠোর কর্মসূচি দেয়া হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















