রাঙ্গামাটি শহরের কাঁঁঠালতলী এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার বেলা দেড়টার সময়ে শহরের খাদ্য গুদামের পেছনে আলম উইকয়ার্ড সংলগ্ন মসজিদ কলোনীতে এ ভয়াবহ অগ্নিকান্ড ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ক্ষয়-ক্ষতি হয়েছে প্রায় ২০ লাখ টাকার অধিক মালামাল। প্রায় এক ঘন্টার অধিক সময় ধরে আগুনে পুড়েছিল বসতঘর। পরে আড়াইটার সময়ে আগুন নিয়ন্ত্রণ আসে বলে জানিয়েছেন, রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রতন কুমার নাথ। তবে আগুন লাগার সূত্রপাত কোথা থেকে হয়েছে তা জানাতে পারে নি দায়িত্বরত কোন কর্মকর্তা।
অন্যদিকে রাঙ্গামাটির মহাসড়কে আগুন লাগার সাথে সাথে রাঙ্গামাটির প্রধান সড়কে যানচলাচল বন্ধ হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর প্রায় তিন ঘন্টার পর যান চলাচল স্বাভাবিক হয়। এতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, সেনাবাহিনী, পুলিশ টিম, রেড ক্রিসেন্ট সদস্য ও স্থানীয়রা। ‘তবে আগুনে কেউ হতাহত হননি, ঘটনার তদন্ত করে জানা যাবে আগুনের সূত্রপাত’ জানিয়েছেন, রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ।
ঘটনার প্রত্যক্ষদর্শী বোধিকেন্দু চাকমা জানান, ‘এলাকার মাঝখান থেকে আগুন জ্বলা শুরুটা দেখেছি। হঠাৎ আগুন চারদিকে ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিস টিম চলে আসে।’ তিনি আরও জানান, স্থানীয় লোকজন পানি ছিটিয়ে ও উইকয়ার্ডের ঘরগুলো থেকে শুকনো কাঠ সরিয়ে আগুন নেভাতে সাহায্য করে।
অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান,পুলিশ সুপার মীর মোদ্দাছছরের হোসেনসহ উর্ধবতন কর্মকর্তারা। এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের টিআর বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















