ভারতের বিপক্ষে ম্যাচ কঠিন হবে। তবে আফগানিস্তান ম্যাচের মতো পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ওদের হারানো সম্ভব। এমনটাই মত সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের।
আগের ম্যাচে আফগানিস্তানের সাথে ড্র করে পয়েন্ট পাওয়ায় ফুটবলাররাও আত্মবিশ্বাসী। তারা ছক কষছেন শত্রু বধের। বাংলাদেশকে সমীহ করলেও ভারত জয় পেতে সর্বোচ্চটা দিয়ে খেলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিফেন্ডার আদিল খান।
ভালো করলে প্রত্যাশা বাড়ে। ভারত মিশন সামনে রেখে তাই স্বপ্নটাও বেড়েছে। কিন্তু এটা বুমেরাং হতে পারে চাপ হিসেবে নিলে। এ জন্যই সুইমিং পুলে ফুটবলারদের নির্ভার রাখা। টানা অনুশীলন আর খেলার মধ্যে থাকা জেমির দল এদিন দিনের প্রথম ভাগ কাটিয়েছে পুল আর জিমনেশিয়ামে।
৭ জুন প্রতিপক্ষ বদলাবে। তার সঙ্গে বদলে যাবে লাল সবুজদের কৌশলও। সেটা নিয়ে কাজ শুরু হয়ে গেছে মাঠের বাইরের কারিগরদের। হিসেব কষে দেখেছেন ম্যাচ হবে কঠিন। তবে অনুপ্রেরণা খোজার জায়গাও আছে ঢের। দরকার শুধু পারফরমেন্সের ধারাবাহিকতা।
সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস বলেন, ‘একটা ভালো শুরুর পর এটা ধরে রাখা জরুরি। আমরা যদি এই কাজটা করতে পারি, তবে ভারতকে হারাতে পারবো। কিন্তু দল হিসেবে ওরা বেশ শক্তিশালী। আমরা ভারতে কাজ করার অভিজ্ঞতা আছে। সেটা কাজে লাগানোর চেষ্টা করবো। তবে ম্যাচটা যথেষ্টই কঠিন হবে।’
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশর বিপক্ষে রেকর্ড ভালো না ভারতের। সল্ট লেকে কোনভাবে হার এড়িয়েছে ব্লু টাইগাররা। এবার আপার হ্যান্ডে থাকতে চায় ওরা। যদিও কাতারের বিপক্ষে হেরে শুরুটা ভালো হয়নি ইগর স্টিম্যাচ বাহিনীর। এই ম্যাচে খুব করেই জয়ের প্রত্যাশা ওদের।
কাতারের বিপক্ষে হারলেও আমরা ভালো করেছি। এটা ধরে রাখতে চাই। বাংলাদেশ সম্প্রতি ভালো খেলছে। ওদের সমীহ করছি। ম্যাচটা সহজ হবে না। তবে আমরা আত্মবিশ্বাসী জয় পাবো।
‘ই’ গ্রুপের বিশ্বকাপ বাছাইয়ে এখনো জয়ের দেখা পায়নি ভারত ও বাংলাদেশ। একটি ড্র বেশি নিয়ে ওরা আছে লাল-সবুজদের ওপরে। সুযোগটা জামাল ভূঁইয়াদেরও আছে টেবিলের হিসেব বদলে দেয়ার।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























