গাজীপুর মহানগরীর কোনাবাড়ি আমবাগ এলাকায় ঝুটের গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে ২০টিরও বেশি ঝুট গুদাম ও গুদামে থাকা বিপুল পরিমাণ মালামাল।
রবিবার সকালে মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া জানান, আমবাগ মিতালী ক্লাব এলাকায় কয়েকটি ঝুটগুদামে আগুন লাগে। এ সময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিসের কর্মীরা ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিক আগুনের সূত্রপাত জানা যায়নি। এ ছাড়া ঠিক কয়টি ঝুটগুদামে আগুন লেগেছে তাও নিশ্চিত হওয়া যায়নি। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে সময় লেগেছে বলে জানান তিনি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















