টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর শীর্ষ সন্ত্রাসী আতিকুর রহমান মোর্শেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে পৌরসভার সামনে থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পৌরসভার সামনে থেকে মোর্শেদকে গ্রেপ্তার করে। পরে তার বাসায় তল্লাশী চালিয়ে দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। বিষয়টি টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, শহরের সাবালিয়া এলাকার আশিকুর রহমান বাদি হয়ে বৃহস্পতিবার সকালে পৌরসভার ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোর্শেদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মোর্শেদের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করা হয়। দুপুরে দেড়টার দিকে কাউন্সিলর মোর্শেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে শহরের বিশ্বাস বেতকা এলাকায় তার বাড়িতে তল্লাশী অভিযান চালায় পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশীকালে মোর্শেদের শয়নকক্ষ থেকে দুটি বিদেশী পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

বিকেল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করবে। মোর্শেদকে শুক্রবার (২০ আগস্ট) আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদের বিরুদ্ধে দুই যুবলীগ নেতা হত্যা, ছাত্রদল নেতা রেজা হত্যা, ব্যবসায়ী তুহিন হত্যা মামলাসহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের এক ডজন মামলা হয়েছে বিভিন্ন সময়। তিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।
স্থানীয় সূত্র জানায়, মোর্শেদ টাঙ্গাইল শহর ছাত্রলীগের নেতা ছিলেন। পরে জেলা যুবলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে দলীয় পদ না থাকলেও শহর আওয়ামী লীগের কর্মী হিসেবে দলীয় বিভিন্ন কর্মকান্ডে অংশ নিতেন। মোর্শেদের বিরুদ্ধে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে শহরের বেশ কয়েকটি এলাকা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। তিনি আগে টাঙ্গাইলের বহুল আলোচিত খান পরিবার অংশের সহযোগি ছিলো। বিগত পৌরসভা নির্বাচনের আগে খান পরিবার বিরোধীদের সাথে যোগ দেন। তার বিরুদ্ধে দায়েরকৃত ছাত্রদল নেতা রেজা হত্যা মামলা ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করে নেওয়া হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ














