সরকারী চাকরি ও ঘর দেয়ার নামে প্রতারণার অভিযোগে বরগুনায় এক প্রতারকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে বরগুনা পৌর শহরের লঞ্চঘাট এলাকা থেকে প্রতারণার শিকার হওয়া কয়েকজন ভুক্তভোগী তাকে আটক করে বরগুনা থানা পুলিশের কাছে সোপর্দ করে।
আটক ইমরান হোসেন জসিম (৩৫) বরগুনা পৌর শহরের কেজি স্কুল সড়কের মৃত নাসির উদ্দিনের ছেলে।
কথা হলে কালিবাড়ি, মনসাতলী ও খেজুরতলা এলাকার ভুক্তভোগী তমাল, সবুজ, কমল ও মুক্তা আক্তার বলেন, ইমরান হোসেন জসিম আমাদের কাছে একজন সরকারি কর্মকর্তা বলে পরিচয় দিয়ে সমাজ সেবা অফিসের মাঠ কর্মীর চাকরি পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে আমাদের কাছ থেকে বিভিন্ন সময় মোটা অংকের টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। আমরা এই প্রতারকের কঠোর শাস্তি দাবি করছি যাতে ভবিষ্যতে কেউ আর আমাদের মতো প্রতারণার শিকার না হয়।

খেজুরতলা এলাকার ভুক্তভোগী রিয়াজ ও বারেক মিয়া বলেন, প্রথমে তিনি আমাদের কাছে একটি বিদেশি এনজিওর উন্নয়নকর্মী বলে পরিচয় দেন এবং তার সাথে সরকারি উচ্চপদস্থদের যোগাযোগ আছে বলে জানান। পরে জানতে পারি তিনি একজন প্রতারক। বহু মানুষের সাথে তিনি প্রতারণা করেছেন। সরকারি ঘর পাইয়ে দেয়ার নামে তিনি আমাদের কাছ থেকে বিভিন্ন সময় মোটা অংকের টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, প্রতারণার অভিযোগে ইমরান হোসেন জসিম নামের একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক প্রতারণার অভিযোগ ও মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানোর প্রকৃয়া চলছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















