গাজীপুর জেলা তথ্য অফিস ও জেলার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধনী শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীনে রোববার (৩১ অক্টোবর) দিনব্যাপী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম-মোয়াজ্জিন, পুরোহিত, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকরর্মী, এনজিও কর্মী, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানসহ নানা শ্রেণি পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গাজীপুর জেলা তথ্য অফিসার মো. জালাল উদ্দিন, কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার সাথী, স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ লুবনা খানম, সহকারী শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহান প্রমুখ।
কর্মশালায় করোনাভাইরাস সংক্রমণ রোধ, করোনার টিকা গ্রহণ, জীবন তথ্য ও কেএইচএইচপি, নারী ও শিশুর প্রতি সংহিসতা প্রতিরোধ, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তার কর্মসূচিসমূহ, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ এবং নিরাপদ সড়ক ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।




















