জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণাকে কেন্দ্র করে ডাকা পরিবহন ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম নগরীজুড়ে চালু থাকবে মেট্রো প্রভাতী ও সোনার বাংলা সার্ভিস। এমন সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। ধর্মঘটের মধ্যে নগরবাসী যাতে কোন দুর্ভোগে না পড়ে তাই এ সিদ্ধান্ত বলে জানিয়েছে সংগঠনটির নেতারা।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ বেলায়েত বলেন, হঠাৎ করে রাতের বেলা জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা আমাদের বিভ্রান্তিতে ফেলেছে। সরকার দাম বাড়াতে পারে। সেক্ষেত্রে আমাদের সকলের সাথে আলোচনা করার প্রয়োজন ছিল। তবে আমাদের নগরবাসীর অসুবিধা না হবার জন্য মেট্রো প্রভাতী ও সোনার বাংলা সার্ভিস চালু থাকবে। অন্যান্য গণপরিবহণ বন্ধ থাকবে। আমরা কর্মবিরতি পালন করবো আগামীকাল ভোর ৬টা থেকে। তবে অন্য পরিবহণ মালিক বা চালকরা গাড়ি চালাতে চাইলে আমাদের কোন আপত্তি থাকবে না।
তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে চট্টগ্রামে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সংগঠনটির চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুসা বলেন, এটা আমাদের আঞ্চলিক কোন সিদ্ধান্ত নয়। যেহেতু কেন্দ্র থেকে সিদ্ধান্ত এসেছে আমাদেরকে তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে আমাদের দেশেও এর প্রভাব পড়েছে। এর কারণে পরিবহন খাতে ভাড়া বাড়াটাই স্বাভাবিক। তবে আমরা চাই না আমাদের সাধারণ মানুষ কোন ভোগান্তিতে পড়ুক।




















