কিশোগঞ্জের কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জেলার ১৩ টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত হয়েছেন। নভেম্বর-২০২১ মাসে কুলিয়ারচর থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সামগ্রীক কর্মতৎপরতায় বিশেষ অবদানের জন্য মঙ্গলবার (৩০ নভেম্বর) কিশোগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা’র নাম ঘোষণা করে তার হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। এসময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন থানার ওসি, ওসি (তদন্ত) সহ বিভিন্ন পর্যায়ের অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেন, জেলার ১৩টি থানার মধ্যে সামগ্রীক কর্মতৎপরতায় কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে বলে আশা করি। পাশাপাশি কুলিয়ারচরের সর্বস্তরের জনগণ আরও ভালো সেবা পাবে। সন্মাননা প্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, এ পুরস্কার আমার একার নয়, এটা কুলিয়ারচর থানা তথা সমগ্র কুলিয়ারচরবাসীর। তিনি কুলিয়ারচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বস্তরের জনগণের সহযোগীতা কামনা করে আরো বলেন, আমি মাত্র দুই মাস আগে কুলিয়ারচর থানায় যোগদান করেছি। যোগদানের পর থেকে এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কাজ করে যাচ্ছি। বিশেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনায়, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আমাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) স্যারসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এ পুরস্কার আমাকে আগামীতে জনগণকে আরো বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। সাংবাদিক ও জনবান্ধন ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা’র পুরস্কার পাওয়ার সংবাদ পেয়ে কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া তাকে স্বাগত জানিয়ে বলেন, আগের চেয়ে বর্তমানে কুলিয়ারচর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















