২২টি ওয়ারেন্ট ও ৩ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুস সাত্তার শাহীনকে(৪০) গ্রেফতার করেছে লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ।
বুধবার (৯ ফেব্রয়ারী) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মোজাম্মেল হক। গ্রেফতার আব্দুস সাত্তার শাহীন আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কুমড়িরহাট ভেটেশ্বর গ্রামের আবু তাহের ওরফে তাহের নেতার ছেলে। আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মোজাম্মেল হক জানান, ঢাকা গাজিপুরে গ্রামো ফার্মাসিটিক্যাল নামে একটি নকল যৌন উত্তেজক ওষুধ প্রস্তুত করে বাজারজাত করতেন আব্দুস সাত্তার শাহীন। ২০১১ সালে ৯ মার্চ ওই কারখানায় ম্যাজিস্ট্রেটসহ যৌথ অভিযান চালায় ওষুধ প্রশাসন, বিএসটিআই ও র্যাব। এ সময় কারখানাটি সীলগালাসহ ২জনকে আটক করে। কিন্তু পালিয়ে রক্ষা পান কারখানার মালিক আব্দুস সাত্তার শাহীন। সেই থেকে আত্নগোপনে থাকেন শাহীন। এ মামলা সহ তার বিরুদ্ধে আদিতমারী থানায় ২২টি মামলার ওয়ারেন্ট ও ৩টি মামলায় সাজাপ্রাপ্ত। যার একটিতে এক বছর সশ্রম কারাদ্বন্ড, অপরটিতে এক বছর বিনাশ্রম কারাদ্বন্ডসহ ৮ লাখ ৪৭ হাজার টাকা অর্থদ্বন্ড রয়েছে।
এসব মামলা সারা দেশের বিভিন্ন স্থানে দায়ের হয়। দীর্ঘ দিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সাত্তার শাহীনকে গ্রেফতার করতে বিভিন্ন সময় একাধিক অভিযান চালিয়ে ব্যর্থ হয় পুলিশ। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার(৮ ফেব্রুয়ারী) রাতে ময়মনসিংহের ভালুকা পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন আদিতমারী থানার এসআই জয়নাল আবেদীন।





















