গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। দিবসটি পালন উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন পৃথক কর্মসূচী পালন করছে।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি। এসময় গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লাহ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরন।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে গাজীপুর কেন্দ্রীয় শহিদ মিনারে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, মহানগর যুবলীগ এবং অঙ্গসংগঠন, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
কেন্দ্রীয় শহিদ মিনারে এ সময় গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি, জিএমপি কমিশনার খন্দকার লুৎফুল কবির, জেলা প্রশাসক আনিসুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ, গাজীপুরের সিভিল সার্জন ডাঃ খায়েরুজ্জামান, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, জেলার বিভিন্ন দপ্তর, সংগঠন ও প্রতিষ্ঠানের প্রধানগণ নিজ নিজ দপ্তরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এখানে ভাষা সৈনিকদের সংবর্ধনা ও শীহদ বরকতের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়:
বাউবি’র উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এর নেতৃত্বে গাজীপুরস্থ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শহিদ মিনারে সোমবার একুশের প্রথম প্রহরে বাউবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসিম বানু (প্রশাসন), উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ পুস্পস্তবক অর্পন করে ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।এছাড়াও আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধানগণ স্থানীয় শহিদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এরপরে বাউবি শিক্ষক সমিতি, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম, বাউবি ডিরেক্টরস কাউন্সিল, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী কর্মকর্তা পরিষদ ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
সূর্যোদয়ের সাথে সাথে গাজীপুর মূল ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার জাতীয় পতাকা অর্ধনমিত এবং ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল কালো পতাকা উত্তোলন করেন। একই সাথে দেশ জুড়ে অবস্থিত ১২টি আঞ্চলিক ও ৮০টি উপ-আঞ্চলিক কেন্দ্রে একযোগে জাতীয় পতাকা অর্ধনমিতকরন ও কালো পতাকা উত্তোলন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যাল: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদ দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো ব্যাজ ধারণ, র্যালী, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও বিশেষ দোয়া। অমর একুশের সত্তর বছরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, আবাসিক হলসমূহ, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ ও বিশ্ববিদ্যালয় স্কুল শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। শহীদ দিবসের সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয় স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি: বিডিইউ উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর এর নেতৃত্বে সোমবার মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মহান শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো.আশরাফ উদ্দিন, সিনিয়র সিস্টেম এনালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব)মোঃ আশরাফুজ্জামান,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত)ফারজানা আক্তার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক সামছুদ্দীন আহমেদ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর বলেন,বঙ্গবন্ধুর মতো বিচক্ষণ নেতা পৃথিবীতে বিরল। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সর্বক্ষেত্রেই বঙ্গবন্ধুর বিচক্ষণতার কারণে বাঙালি সফল হয়েছে। ভাষা আন্দোলনের সফলতার মাধ্যমে বাঙালি আত্মবিশ্বাসী হয়েছিল স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য।
পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দদের নিয়ে আলোচনা সভা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মহান শহিদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট: যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্যে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) সোমবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। একুশের প্রথম প্রহর রাত ১২:০১ মিনিটে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর নেতৃত্বে পরিচালকবৃন্দ, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শ্রমিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইনস্টিটিউটের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে ইনস্টিটিউটের সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, শিক্ষক এবং বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে প্রভাত ফেরী। প্রভাত ফেরী শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান।
এছাড়াও দিনের কর্মসূচীর অংশ হিসেবে বাদ জোহর বারি’র সকল মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফেরাত ও দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সন্ধ্যায় বারি’র মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়।





















