শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, ‘সরকার পাটের ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছে। পাট শিল্পের আধুনিকায়ন করা হলে এবং বন্ধু প্রতিম রাষ্ট্র ভারত পাটজাত পণ্যের ওপর থেকে এন্টি-ডাম্পিং ডিউটি প্রত্যাহার করলে শিগগির আমাদের পাট শিল্পের সুদিন ফিরে আসবে।’
জাতীয় পাট দিবস উপলক্ষ্যে রোববার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।
মন্নুজান সুফিয়ান বলেন, ‘বঙ্গবন্ধু বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পাটখাতকে সুসংহত ও গতিশীল করার উদ্যোগ নিয়েছিলেন।
এ সময় শ্রম প্রতিমন্ত্রী জাতীয় পাট দিবসে পাটজাত পণ্যের ওপর থেকে এন্টি-ডাম্পিং ডিউটি তুলে নেওয়া এবং বাণিজ্য বাধা দূর করার জন্য ভারতের কাছে দীর্ঘদিনের দাবি পুনর্ব্যক্ত করেন।
এর আগে দিবসটি উপলক্ষ্যে নগরীর শহিদ হাদিস পার্কে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন মন্নুজান সুফিয়ান।
এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মো. মিজানুর রহমান, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, খুলনা পাট অধিদপ্তরের সহাকরী পরিচালক মো. সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবার ‘সোনালি আঁশের সোনার দেশ-পরিবেশবান্ধব বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় পাট দিবস পালিত হচ্ছে।





















