বর্ষার প্রমত্ত্বা মেঘনা আগ্রাসী হয়ে যেমন গিলে খায় বসতি তেমনই শুকনো মৌসুমে ফিরিয়ে দিচ্ছে কিষাণ-কিষাণীর স্বপ্ন, এ যেন সাক্ষাৎ দ্বি-চারিনী। মেঘনার ভাঙাগড়ার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা মানুষ গুলো চরাঞ্চলে চিনা বাদাম চাষ করে স্বাবলম্বী হচ্ছে। চলতি মৌসুমে বাদামের ফলন অনেকটা ভাল ও বাজারে দাম বেশি পাওয়ায় কৃষকরা উৎফুল্ল। ‘বাদাম’ চাষ করে আগামির স্বপ্ন বুনছে মেঘনা পারের কৃষকরা, মেঘনার বাম তীর ঘেষা নবীনগরের বীরগাঁও, নবীনগর (প.), কৃষ্ণনগর, শ্যামগ্রাম, বড়িকান্দি, ও সলিমগঞ্জ ইউনিয়নের মাঠে এবার প্রচুর বাদাম চাষ হয়েছে। এ যেন মেঘনার তীরে সবুজের সমারোহ। বাদামের সবুজ পাতা হলুদ হওয়ার অপেক্ষায় রয়েছে কৃষকরা। কেউ কেউ আগাম বাদাম তুলে রোদে শুকাচ্ছেন। চাষাবাদ সহজ, বিপণনে ঝামেলাহীন ও তুলনামূলক ভাবে অধিক লাভ হওয়ায় কৃষকরা কাঁচা বাদামের নাম দিয়েছেন ‘গুপ্তধন’। প্রতিটি বাদাম গাছের মুঠি (উপরের অংশ) ধরে টান দিলে উঠে আসছে থোকা থোকা সোনালী রঙের চিনা বাদাম তথা বালির নিচে লুকিয়ে থাকা গুপ্তধন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ৮০ হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়েছে। বেলে, দো-আঁশ ও এঁটেল দো-আঁশ মাটিতে বাদামের ভাল ফলন পাওয়া যায়। তাই মেঘনার তীর ঘেষা ইউনিয়ন গুলোতে বেশি চিনা বাদাম চাষ হয়েছে। বাদাম চাষিরা জানান, বাদাম রোপণের পর অন্য ফসলের মত পরিচর্যার প্রয়োজন হয় না এমনকি রাসায়নিক সার ও ব্যবহার করতে হয় না। বীজ বপন ও বাদাম ওঠানোর শ্রমিক খরচ ছাড়া তেমন কোন খরচ নেই বললেই চলে। দড়ি লাপাং গ্রামের কৃষক কামাল মিয়া জানান, আমি ২ বিঘা জমিতে বাদাম চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে বাদামের ফলন বিঘা প্রতি ফলন ৮-৯ মণ হবে বলে আশা করছি, প্রতি মণের বর্তমান বাজার মূল্য ৩,৬০০-৪,০০০ টাকা। আমার খরচ বাদে ২২-২৫ হাজার টাকা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, বাদাম গাছ গুলো গো-খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, এতেও ৪-৫ হাজার টাকা পাওয়া যাবে। অনুরূপ ভাবে বাদাম চাষি ছোবান মিয়া ২ বিঘা, নয়নতারা ১.৫ বিঘা, মমিনা বেগম ১ বিঘা, ফজলুল হক ১ বিঘা, ওসমান গণি ১.৫ বিঘা সহ অনেক চাষি বাদাম চাষের মাধ্যমে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখছে। উপ-সহকারি কৃষি কর্মকর্তা আকলিমা বেগম এ্যনি জানান, বেশির ভাগ বারি চিনা বাদাম-৭ ও ৮ এর চাষ হয়। এ ছাড়া বিনা-৪ ও বিজি-২ এর ফলনও ভাল হয়ে থাকে। বাদামের বীজ বপনের ১২০ থেকে ১৫০ দিনের মধ্যে চিনা বাদাম পরিপক্ক হয়। রবি মৌসুমের শুরুতে বপন করা চিনাবাদাম এখন ঘরে তোলার সময়। এখন ধীরে ধীরে বাদামের সবুজ পাতা হলদেটে রঙ ধারণ করতে শুরু করছে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার জগলুল হায়দার জানান, “চলতি বছর ৮০ হেক্টরে জমিতে বাদাম চাষ করা হয়েছে ভাল ফলনের আশা করা হচ্ছে। নবীনগরের বাদাম চাষের বড় অংশ মেঘনার তীরে করা হয়। কৃষকরা বাদাম চাষে লাভবান হওয়ায় প্রতি বছর বাদাম চাষের পরিমাণ বাড়ছে। কৃষি অফিস বাদাম চাষিদের প্রতি বছর বিনামূল্যে বীজ ও পরামর্শ দিয়ে সহায়তা করে থাকে”।





















