বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহা পরিচালক (ডিজি) মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, বিজিবি-বিএসএফ ফ্লাগ মিটিং থেকে শুরু করে প্রত্যেকটি উচ্চ পর্যায়ের বৈঠকে বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা নিয়ে উভয় পক্ষ আলোচনা করি। এ ব্যপারে বিজিবি-বিএসএফ’র মধ্যে সৌহার্দপূর্ণ মনোভাবের কোন কমতি নাই। আমরা উভয় পক্ষই চাই সীমান্ত হত্যা জিরোতে নামিয়ে আনতে। আমরা একে অপরের সাথে যোগাযোগ বাড়াচ্ছি। একে অপরকে বুঝছি। আশা করি এ বিষয়ে অবশ্যই উন্নতি হবে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোষ্টের বিজিবির আইসিপি ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএসএফ’র বাধায় আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ভবনের নির্মাণ কাজ বন্ধ প্রসঙ্গে বিজিবি প্রধান বলেন, আন্তর্জাতিক কিছু নিয়ম কানুন আছে। এ নিয়ম কানুনগুলো উভয় দেশকেই মানতে হয়। আন্তর্জাতিক নিয়ম মেনেই আমরা ভবন নির্মাণের কাজটি করব। এ ব্যপারে আমাদের উচ্চ পর্যায়ে পত্রালাপ চলছে। আমরা কাজ করছি, যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটির সমধান করা হবে।






















