গাজীপুরের টঙ্গীর কুখ্যাত মাদক কারবারি পারুল আক্তার ওরফে পারুলী’র বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক শেখ মো. রাজীব হাসানকে প্রাণনাশের হুমকি প্রদান করেছে পারুলী আক্তারের স্বামী মানিক ও তার সহযোগীরা।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে টঙ্গীর এরশাদ নগর বড়বাজার এলাকায় সাংবাদিক শেখ মো. রাজিব হাসানকে প্রকাশ্যে সকলের সামনে মারধর ও হত্যার হুমকি প্রদান করা হয়। এ ঘটনায় নিজের ও তার পরিবারের নিরাপত্তার জন্য টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সাংবাদিক রাজীব হাসান। সাধারণ ডায়েরী নং-১৭৮৩। সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, গত ২৭ জুন ২০২২ ইং তারিখে জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় “টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী পারুলী ও তার স্বর্গরাজ্য” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এ সংবাদ প্রকাশ হওয়ায় মাদক সম্রাজ্ঞী পারুলীর নির্দেশে তার স্বামী মানিকসহ একদল সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার বেলা ১টার সময় এরশাদনগর যাকাত বোর্ড শিশু হাসপাতালের বিপরীত পাশের তানিয়া টেলিকম এ প্রবেশ করে শেখ মো. রাজীব হাসানকে পত্রিকার নিউজ করায় তার হাত পা ভেঙ্গে দেওয়ারসহ প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। স্থানীয় এলাকাবাসী জানায়, এরা এরশাদ নগরের মাদকের নিয়ন্ত্রন করে। সাংবাদিক রাজীবকে যখন পারুলির স্বামী মানিক হুমকি দিয়ে গেছে ওই মুহূর্তে তার সহকর্মী এক সাংবাদিক পারুলির বাসায় উপস্থিত ছিলো। এমন কিছু মীরজাফর সাংবাদিক ও কিছু অসাধু পুলিশ কর্মকর্তার উসকানির থাকায় মাদক কারবারিরা প্রকাশ্যে একজন সাংবাদিককে মেরে ফেলার হুমকি দেওয়া ও সাধারণ মানুষদের ধরে এনে মারধর করার সাহস পায়। বিজ্ঞ মহল এমন ঘটনার তীব্র নিন্দা জানায় এবং প্রশাসন যেন দ্রুত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে সেই দাবি জানাচ্ছি। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে পারুলি ও তার স্বামীর বিভিন্ন বাজে কর্মকাণ্ডের ভিডিওচিত্র ফেসবুকে ভাইরাল হয়।





















