মুজিববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জে আরও ৪২৯ গৃহহীন পরিবার পেলো জমিসহ ঘর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (২১ জুলাই) তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে গৃহহীনদের মাঝে ২৬ হাজার ২২৯টি জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে সিরাজগঞ্জে ৯টি উপজেলায় ৪২৯টি জমিসহ ঘর হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এড. কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোবারক হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জসীম উদ্দীন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আক্তারুজ্জামান, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, এর আগে সিরাজগঞ্জে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ১ হাজার ২৭৭টি ঘর হস্তান্তর করা হয়েছে। তৃতীয় ধাপে ৪০৯টি ঘর হস্তান্তর করা হয়, ফলে সিরাজগঞ্জে এপর্যন্ত মোট ঘর হস্তান্তর করা হয়েছে ২ হাজার ১১৫টি ঘর। প্রতিটি ঘর বাবদ খরচ হয়েছে ২ লাখ ৬০ হাজার টাকা। বিদুৎ, রাস্তা, স্যানেটারি, পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে ঘরগুলোতে। দুই শতাংশ জমিসহ একটি করে পাকা ঘর দেয়া হয়েছে গৃহহীনদের।





















