ইউক্রেন যুদ্ধের প্রভাব, মুদ্রাস্ফীতিসহ অর্থনৈতিক নানান প্রতিকূলতার মধ্যেও লক্ষ্যমাত্রার তুলনায় ৭ দশমিক ৯৫ শতাংশ এবং বিগত বছরের তুলনায় ৪২ দশমিক ৫৬ শতাংশ বেশি প্রবৃদ্ধি নিয়ে নতুন অর্থবছর শুরু করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।
সোমবার (১ আগস্ট) দুপুরে অর্থবছরের প্রথম মাসের হিসাব শেষে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম-কমিশনার মোহাম্মদ সালাহউদ্দীন রিজভী।
তিনি জানান, চলতি অর্থবছরের প্রথম মাসে (জুলাই) ৪ হাজার ৪৮২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৪ হাজার ৮৩৮ কোটি ৫১ লাখ টাকা রাজস্ব আহরিত হয়েছে, যা লক্ষ্যমাত্রার তুলনায় ৩৫৬ কোটি ৫১ লাখ টাকা বেশি। বিগত অর্থবছরে একই সময়ে অর্থাৎ জুলাইয়ে ৩ হাজার ৩৯৪ কোটি ৫ লাখ টাকা আহরিত হয়েছিল। বিগত অর্থবছরের তুলনায় এ অর্থবছরের প্রথম মাসে ১ হাজার ৪৪৪ কোটি ৪৬ লাখ টাকা অতিরিক্ত আদায় হয়েছে। এক্ষেত্রে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪২ দশমিক ৫৬ শতাংশ।
তিনি বলেন, সঠিক সিপিসির ব্যবহার, যথাযথ এইচএস কোড এবং পণ্যের ভ্যালু শুল্কায়নের ফলে রাজস্ব ৪২ দশমিক ৫৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। সামনের দিনগুলোতেও রাজস্ব আহরণের এ ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।





















