কক্সবাজার জেলাস্থ পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহেদা বেগমের বিরুদ্ধে জালমহল, সরকারি জমি দখল, চাঁদাবাজি, মাদক কারবার এবং অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। তিনি চকরিয়া-পেকুয়ার সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের স্ত্রী। এই পরিচয়েই আয় করেছে কোটি কোটি টাকা। এমনি একটি অভিযোগ পেয়ে তার সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর প্রেক্ষিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে ইতিমধ্যে। এসব তথ্য দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (অনু: ও তদন্ত-৫) খান মো. মাজানুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এব্যাপারে দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলাম বলেন, শাহেদা বেগমের সম্পদ অনুসন্ধান করা শুরু হয়েছে। নিয়ম মেনেই তাঁর বিরুদ্ধে তদন্ত কাজ চলছে। যদি তদন্তে অবৈধ সম্পদ পাওয়া যায় তবে তাঁর বিরুদ্ধে আইনুনাগ ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযোগের অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে এর প্রতিবেদন উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কক্সবাজার নিজ অথবা তার অধীন একজন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত অনুসন্ধান কাজে স্ব-স্ব নিয়ন্ত্রণকারী কর্মকর্তা তদারককারী কর্মকর্তার দায়িত্ব পালন করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।





















