স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই’র সভাপতি মোঃ জসিম উদ্দিন।
সোমবার বিকেলে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে এ আহ্বান জানান সভাপতি। তিনি বলেন, বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ দিয়েছেন। সে কারণেই বাংলাদেশীরা ব্যবসায়ী হয়েছেন। তাই তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশের কল্যানের দিকে লক্ষ্য রেখে ব্যবসা পরিচালনা করতে হবে। মুক্তিযুদ্ধের শহীদ ও নির্যাতিতা মা বোনদের প্রতি সম্মান জানিয়ে সততার সাথে ব্যবসা চালানোর জন্য আহ্বান জানান সভাপতি মোঃ জসিম উদ্দিন। বাদ আসর আয়োজিত দোয়া মাহফিলে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররম এর পেশ ইমাম মোঃ মিজানুর রহমান। দোয়া মাহফিলে এফবিসিসিআইর সিনিয়র সহ- সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি মোঃ আমিন হেলালী, সালাউদ্দিন আলমগীর, মোঃ হাবীব উল্ল্যাহ ডন, পরিচালকবৃন্দ, সাধারন পরিষদের সদস্যসহ সকল কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। এর আগে দুপুরে সভাপতি মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে এফবিসিসিআই’র পরিচালনা পর্ষদ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও রাজধানীর তিনটি মাদ্রাসায় খাবার বিতরণ করে এফবিসিসিআই।বার্তা নিশ্চিত করেছেন আরিফুর রহমান হেড অব পিআর অ্যান্ড কমিউনিকেশন্স এফবিসিসিআই।





















