গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি বগারটেক এলাকায় প্রাইভেটকারের ভেতর থেকে শিক্ষক দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে সুরতাহাল প্রতিবেদন তৈরি করছে পুলিশ। নিহতরা হলেন, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন ও তা স্ত্রী আমজাদ আলী সরকার পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মাহমুদা আক্তার জলি। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গেল বুধবার বিকেলে স্কুল থেকে প্রধান শিক্ষক জিয়াউর রহমান তার স্ত্রীকে নিয়ে স্কুল থেকে বের হন। সন্ধ্যায় নিহতের ছেলে মেরাজের সঙ্গে সর্বশেষ তাদের কথা হয়। এর পর থেকে তাদের মোবাইল সংযোগ বন্ধ পাওয়া যায়। রাত গভীর হলেও ওই দম্পতি ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন থানায় ও হাসপাতালে খোঁজ নেন। পরে তাদের নিখোঁজের বিষয়টি গাছা থানায় জানানো হয়। বৃহস্পতিবার সকালে খোঁজা খুঁজির এক পর্যায়ে গাছা থানার জয় বাংলা সড়কের বগারটেক এলাকায় পরিত্যক্ত অবস্থায় গাড়িটি দেখতে পান স্বজনরা।
পরে ওই গাড়ির ভেতরে ড্রাইভিং সিটি জিয়াউর রহমান ও তার পাশে মাহমুদা আক্তার জলিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে ওই দম্পতিকে উদ্ধার করে প্রথমে তায়রুন নেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উত্তরার একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গাছা থানায় নিয়ে যায়। নিহতের ছেলে তৌসিফুর রহমান মেরাজ বলেন, সন্ধ্যা ৭টার দিকে তিনি বাবা জিয়াউর রহমানের মোবাইল ফোনে কল দেন। তাকে ফোনে না পেয়ে মা’র মোবাইল ফোনে কল দিলে তার মা কিছু সময়ের ভেতর বাসায় আসছেন বলে জানান। কিন্তু রাত গভীর হলেও তারা না আসায় তিনি বিষয়টি স্বজনদের জানান এবং খোঁজ খবর নেন বিভিন্ন স্থানে, থানা- হাসপাতালে। ভোরে তিনি চাচাকে নিয়ে জয়বাংলা সড়ক দিয়ে পূবাইল থানায় খোঁজ নিতে যান। পরে বগারটেক এলাকায় তার বাবা জিয়াউর রহমানের ব্যবহৃত প্রাইভেটকার দেখতে পান। এসময় গাড়ির ভেতরে অচেতন অবস্থায় তার বাবা মা’র সন্ধান পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মেরাজ কান্না জড়িত কন্ঠে বলেন, আমার বাবার সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের ভালো সম্পর্ক ছিল। এখন বাবা মা দুজনেই নেই। আমি এ ঘটনায় দায়ীদের বিচার চাই। নিহতের ভগ্নিপতি আব্দুর রশিদ বলেন, জিয়াউর রহমান ও তার স্ত্রীকে গাড়ির ভেতরে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। কিন্তু তাদের শরীরে কোন আঘাত নেই, মোবাইল সহ তাদের ব্যবহৃত কোন কিছু খোয়া যায়নি। তাই এঘটনা দস্যুতা বা ছিনতাই না, এটি পরিকল্পিত ভাবে হত্যাকাণ্ড। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ বলেন, মরদেহ উদ্ধার করে গাছা থানায় নিয়ে আসা হয়। তাদের সুরতাহাল সম্পন্ন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্কুল শিক্ষক দম্পতির মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। এদিকে, স্কুল দম্পতির মৃত্যুর খবরে থানা এলাকায় ভিড় করছেন নিহতের স্বজন, সহকারী ও স্থানীয় লোকজন। পুরো থানায় বিরাজ করছে শোকাতুর পরিবেশ। বার বার মূর্ছা যাচ্ছেন নিহত জিয়াউর রহমানের মা। ঘটনাস্থল ও থানা এলাকায় পিবিআই, র্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিদর্শন করেছেন এবং স্বজনদের সঙ্গে কথা বলেছেন।এই ঘটনায় এলাকাবাসী শোকে বিহ্বল এবং নিন্দা জ্ঞাপন করেছে।





















