বন্দরনগরী চট্টগ্রামে ১৫ দিন ব্যাপী বৃক্ষমেলায় ৬০ লক্ষাধিক টাকার চারা বিক্রি হয়েছে। বিক্রিত চারার পরিমাণ প্রায় ৬২ হাজার।‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’- শিরোনামে নগরীর সিআরবি শিরিষ তলায় গত ৪ আগস্ট শুরু হয়ে বৃহস্পতিবার (১৮ আগস্ট) আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।
বিকেলে চট্টগ্রাম সিআরবি শিরিষতলায় মেলার সমাপনি অনুষ্ঠানে বৃক্ষমেলার সাফল্য ও চারা বিক্রির তথ্য তুলে ধরেন চট্টগ্রাম উত্তর বন বিভাগ। চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস। বিশেষ অতিথি ছিলেন ফরেস্ট্রি সাইন্স এন্ড টেকনোলজির পরিচালক এস এম গোলাম মাওলা, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা সফিকুল ইসলাম, বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধূরী, উপকূলীয় বন বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ হোছাইন।
বৃক্ষমেলায় প্রায় অর্ধশত নার্সারি, বিভিন্ন সরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নিয়েছে। মেলায় লাখ টাকা দামের বনসাঁই থেকে শুরু করে ১০/২০ টাকা দামের বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ এবং ওষুধী বৃক্ষের চারা বিক্রি হয়। মেলা উদ্বোধনের পর থেকে সমাপনি দিন পর্যন্ত বৃক্ষপ্রেমি মানুষের পদচারণায় মুখর ছিল বৃক্ষমেলা।





















