ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে লাবনী আক্তার (২০) নামে এক অন্তঃসত্ত্বা নারীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। সরাইল থানার পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধারের পর দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
শনিবার (২৭ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শুলাপাড়া গ্রামের নিহতের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। লাবনী আক্তার উপজেলার পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর গ্রামের পূর্বপাড়ার মারফত আলীর মেয়ে।
নিহতের দুলাভাই ফারুক মিয়া বলেন, গত ৩ বছর আগে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শুলাপাড়া গ্রামের গার্মেন্টসকর্মী রমজান আলীর সঙ্গে লাবনীর পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। গতকাল রাতে লাবনীকে শ্বশুরবাড়ি থেকে জামাইর বাড়িতে নেওয়ার পর ভোররাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-শ্বশুর ও শাশুড়ীর সাথে লাবনীর বাকবিতণ্ডা হয়। পরে রাতেই খবর পান লাবনী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
তিনি আরও বলেন, লাবনী আত্মহত্যা করেননি। লাবনীর স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ি ও পরিবারের লোকেরা তাকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে মিথ্যা কথা রটিয়েছে।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গলায় ফাঁস লেগে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি করছে এটি হত্যা। তাই মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















