হাসপাতাল প্রতিষ্ঠার দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান পদ্ধতিতে প্রথম নবজাতকের জন্ম হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় প্রথমবারের মতো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার অপারেশন করা হয়। নবজাতক ও তার পরিবারকে অভিনন্দন জানাতে হাসপাতালে যান উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ। জন্মের প্রথম দিনে’ই জন্ম সনদ পেল নবজাতক নাফিসা বিনতে বিল্লাল।
জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রতিষ্ঠার পর ২০০৬ সালে অস্থায়ী ভবনে স্বাস্থ্য সেবা দেয়া শুরু করে। পর্যায়ক্রমে নিজস্ব কমপ্লেক্সে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে বর্তমানে ৫০ শয্যায় উন্নীত হয়েছে। ২০২১ সালের ২৫ এপ্রিল হাসপাতালের ইনডোর চালুর পর বিভিন্ন সময় নানা উদ্যোগ নিলেও সিজারিয়ান অপারেশনের সুযোগ তৈরি হয়নি। রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালট্যান্ট ডাঃ আয়শা সিদ্দিকী নেতৃত্বে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তাদের কন্যাসন্তান হয়। নবজাতক ও তার মা সুস্থ রয়েছেন। সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের তেলিকোনার বিল্লাল হোসেন এর স্ত্রী নাসিমা আক্তারের সিজারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন।
এদিকে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান এর উপস্থিতিতে পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু ও ইউপি সচিব মাসিকুর রহমান নবজাতক জন্মের প্রথম দিন স্পট জন্ম সনদ প্রদান করেন। এতে সন্তোষ প্রকাশ করেছেন নবজাতকের স্বজনরা।
সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান জানান, হাসপাতালে প্রথমবারের মতো সিজারের মাধ্যমে সন্তান প্রসব হয়েছে। মা ও নবজাতক সুস্থ রয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ বলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল গর্ভবতী মায়েরা এখন থেকে প্রয়োজনে নিয়মিত সিজার করতে পারবেন।





















