মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় ক্রীড়াকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকেন। তিনি মনে করেন সুস্থ জাতি, সুস্থ দেহ, সুস্থ মন গড়তে হলে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নাই। বাংলাদেশে ক্রিকেট, ফুটবল খেলায় অসাধারণ ক্রীড়া নৈপূণ্য দেখাচ্ছে আমাদের সন্তানরা।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের মধ্যমে ক্ষুদে খেলোয়াড়দের ক্রীড়া নৈপূণ্যই আমাদের ভবিষ্যতের প্রতিশ্রুতি। এই ক্ষুদে খেলোয়াড়দের আমাদের পৃষ্টপোষকতা দিতে হবে, আগামী দিনে যেন দেশে ও দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করতে পারে। ‘
বিকেলে ৪টায় বঙ্গমাতা গোল্ডকাপের খেলায় অংশগ্রহণ করে মঠবাড়িয়া গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভান্ডারিয়া পৈকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে ভান্ডারিয়া পৈকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে হারিয়ে ২-১ গোলে মঠবাড়িয়া গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
অপরদিকে, বিকেল ৫টায় বঙ্গবন্ধু গোল্ডকাপের খেলায় অংশগ্রহণ করে মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে নাজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৭-৬ গোলে মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পুলিশ সুপার (সদ্য পদোন্নতি) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেষ চন্দ্র গাছি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মরিয়াম জাহান, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. নুরুল আমিন সিকদার প্রমূখ।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ





















