মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার নতুন চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে অধ্যাপক মো. জামাল নাছেরকে। অধ্যাপক জামাল নাছের বর্তমানে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়খালী, লক্ষ্মীপুর ও ফেনী―এই ছয় জেলা নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড গঠিত।
অধ্যাপক জামাল নাছের কুমিল্লার উপজেলা লালমাই শিকারপুর গ্রামের ভাষাসৈনিক মো. তাজুল ইসলামের বড় ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, জামাল নাছের ২০১৫ সালে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরিচালক হিসেব নিরীক্ষা পদে কর্মরত ছিলেন। পরে বোর্ডের কলেজ পরিদর্শক পদে তিন বছর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের মার্চে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয় তাকে। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাজতখোলা হাই স্কুল থেকে এসএসসি, ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক মো.জামাল নাছের বলেন, ‘আমি মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এমন একটি স্থানে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে দৃঢ় প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আমি কাজ করব। বোর্ডের অধীনে অনুষ্ঠিত সকল পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে শতভাগ চেষ্টা করব। আমি দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করছি। ’
১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম :
কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান জামাল নাছের
-
সৈয়দ আহমেদ লাভলু,কুমিল্লা - প্রকাশিত : ০৮:১৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- 52
ট্যাগ :
জনপ্রিয়




















