ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত ফেনী জেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশান অব ফেনীর নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে রেদওয়ানুল ইবনে সাইফুল সভাপতি এবং শাহ নেওয়াজ বাবু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। গত সোমবার সংগঠনটির সদ্য সাবেক সভাপতি নাজমুল হাসান মুন্না ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাত সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেয়া হয়।
কমিটিতে সহ সভাপতি হিসেবে লোকমান হোসেন তানান, সুষ্ময় সেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক মজুমদার, রিফাত আহমেদ সাংগঠনিক সম্পাদক পদে চৌধুরী তাবাসসুম জাহান (সাজিন) দায়িত্ব পেয়েছেন।
নতুন কমিটি সম্পর্কে রেদওয়ান ইবনে সাইফুল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত ফেনীর শিক্ষার্থীদের প্রাণের সংগঠন ডুসাফ। ফেনীর ছাত্র-ছাত্রীদের সুখ-দুঃখের এ মিলনমেলার দায়িত্ব আমাদের কাঁধে অর্পণ করা হয়েছে। আগামীতে ফেনীর শিক্ষার্থীদের বন্ধন সুদৃঢ় করতে, দুঃখবোধে পাশে দাঁড়াতে, নিজেদের মধ্যে আস্থা স্থাপনে দুর্নিবার কাজ করে যাবো।
তিনি বলেন, আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য ভবিষ্যত গঠনে, মনন রচনায় এবং বুদ্ধিবৃত্তিক চেতনা সুদৃঢ় করতে আমাদের পাশে পাবে শিক্ষার্থীরা। আমরা শুধু বিশ্ববিদ্যালয়ে নয়, স্কুল-কলেজ পর্যায়েও কাজ করার চেষ্টা অব্যাহত রাখবো।
শাহনেওয়াজ বাবু বলেন, ফেনীর শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরো বেশী সুদৃঢ় করতে নতুন কমিটি কাজ করে যাবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ফেনী জেলার শিক্ষার্থীদের সংগঠন ডুসাফ। জেলার শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করে সংগঠনটি।




















