রংপুর জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় মোসাদ্দেক হোসেন বাবলুকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন।
রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জিন্নাত হোসেন লাভলু। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদের নির্দেশনায় আসন্ন জেলা পরিষদ (স্থানীয় সরকার) নির্বাচন’২২- এ চেয়ারম্যান পদে দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ এর (১১) ধারার বিধান অনুযায়ী রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও প্রাথমিক সদস্যপদসহ সকল স্তরের পদ থেকে মোসাদ্দেক হোসেন বাবলুকে বহিষ্কার করা হয়েছে। প্রসঙ্গত, নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ এবং বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলু। এ নির্বাচনে জেলার ১০৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের তফসিল অনুযায়ী সোমবার (২৬ সেপ্টেম্বর) প্রতীক বরাদ্দ হবে। এরপর প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষে আগামী ১৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।





















