ময়মনসিংহে সাফজয়ী আট নারী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়েছে । বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় ময়মনসিংহের চুরখাই এলাকায় প্রবেশ করেন তারা। পরে ছাদ খোলা গাড়িতে করে দুপুর ১২টায় শহরের দিকে যাত্রা করেন।
এ সময় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, ফুটবল টিমের ম্যানেজার মালা রানী সরকারসহ অনেকেই উপস্থিত ছিলেন।
শহর প্রদক্ষিণ শেষে সার্কিট হাউসে প্রবেশ করেন নারী ফুটবলাররা। পরে ঘোড়ার গাড়িতে করে শহরের জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে রওনা করেন তারা।
এদিকে শুক্রবার সকালে তাদের জেলার পুলিশ লাইনে সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা শেষে কলসিন্দুরের উদ্দেশে রওনা দেবেন তারা।
সাফজয়ী কলসিন্দুরের আট নারী ফুটবলার হলেন- সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, শাছুন্নাহার সিনিয়র, শামছুন্নাহার জুনিয়র, শিউলি আজিম, তহুরা খাতুন, সাজেদা আক্তার, মার্জিয়া আক্তার। এদের মধ্যে ৬ জন সাফ ফাইনালে অংশ নেন।




















