উপজেলা শিক্ষা ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে সুদূরপ্রসারী ভূমিকা পালন করায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২-এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন সুমন দাস। গত মঙ্গলবার কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাকক্ষে এক অনুষ্ঠানে তাকে জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। সুমন দাস জেলার ফুলবাড়ীর ইউএনও হিসেবে কর্মরত আছেন।
ফুলবাড়ী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হৃদয় কৃষ্ণ বর্মন বলেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলায় শ্রেষ্ঠ হওয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি চলছে।
এ প্রসঙ্গে ফুলবাড়ী ইউএনও সুমন দাস বলেন, ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২-এ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নির্বাচিত করায় আমি জেলা প্রশাসক মহোদয়ের প্রতি চিরকৃতজ্ঞ।’
এদিকে, ইউএনও সুমন দাসকে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ উপজজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত করায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, ফুলবাড়ী উপজেলায় যোগদানের পর থেকে ইউএনও সুমন দাসের তত্ত্বাবধানে উপজেলার শিক্ষা ব্যবস্থা অনেকাংশে আধুনিকতার ছোঁয়া পেয়েছে।





















