ময়মনসিংহে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবারও আওয়ামীলীগ মনোনীত আনারস প্রতীকের প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠান নির্বাচিত হয়েছেন। গতবারও তিনি জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল হক এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠান (আনারস) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ হাজার ১৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক (চশমা) প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ৫৩৬ ভোট।
ময়মনসিংহ সদর উপজেলায় সদস্য পদে আব্দুল্লাহ আল মামুন আরিফ হাতী প্রতীক নিয়ে ৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আল আমিন আলভী ঘুড়ি প্রতীকে পেয়েছেন ৪৪ ভোট।
হালুয়াঘাটে সদস্য পদে অটোরিকশা প্রতীকে ১৫৯ ভোট পেয়ে কাঞ্চন কুমার সরকার নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মজিুবুর রহমান পেয়েছেন ২ ভোট।
ধোবাউড়া উপজেলায় সদস্য পদে মো. জালাল উদ্দীন সোহাগ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি টিউবওয়েল প্রতীকে ৭২ ভোট পেয়েছেন। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক জেলা পরিষদ সদস্য ডা. আসাদুজ্জামান আকন্দ সাগর পেয়েছেন ২২ ভোট।
তারাকান্দা উপজেলা সদস্য পদে তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেজবা উল আলম চৌধুরী হাতি প্রতীকে ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তারাকান্দা উপজেলার তাঁতী লীগের সভাপতি সায়ের আলমগীর সরকার তালা প্রতীক পেয়েছেন ৪৩ ভোট।
ত্রিশালে হাতী প্রতীক নিয়ে ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল আলম সজিব তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৫২ ভোট।
ভালুকায় হাতী প্রতীক নিয়ে ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোস্তফা কামাল। তার নিকটতম পলাশ মানিক (টিউবওয়েল) প্রতীক নিয়ে পেয়েছেন ৭২।
ফুলবাড়িয়া উপজেলা সদস্য পদে ডা. মো.কামরুজ্জামান জামান তালা প্রতীক নিয়ে ১১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট মো. মফিজ উদ্দিন মন্ডল টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৭০ ভোট।
গৌরীপুরে হাতী প্রতীক নিয়ে ৬৩ ভোট নিয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ গোলাম সামদানী খান সুমন। তালা প্রতীক নিয়ে ৪০ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল কাদির।
ফুলপুরে টিউবওয়েল প্রতীক নিয়ে ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমেদ সরকার হাতী প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ ভোট।
ঈশ্বরগঞ্জে আবু বকর সিদ্দিক দুলাল ভূঁইয়া (তালা) প্রতীক নিয়ে ১৩৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মতিন (টিউবওয়েল) প্রতীক নিয়ে পেয়েছেন ২০ ভোট।
নান্দাইলে বিজয়ী হয়েছেন আবু বক্কর ছিদ্দিক বাহার (তালা) । ৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ খায়ছারুল আলম ফকির (টিউবওয়েল) প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ ভোট।
এর আগে মুক্তাগাছা এবং গফরগাঁওয়ের সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সদস্য বিজয়ী হন। একজন সংরক্ষিত নারী সদস্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নারী সদস্য পদে বিজয়ী হয়েছেন আরজুনা কবীর, সালমা বেগম, আসমা উল হুসনা শিমুল এবং ফারজানা শারমিন বিউটি।
সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত জেলার ১৩টি কেন্দ্রে ইভিএমএ ভোট গ্রহণ চলে । কোন কোন কেন্দ্রে আড়াইটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে একে একে প্রকাশ করা হয় সব কেন্দ্রের ফলাফল। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার পাশাপাশি একজন ম্যাজিস্ট্রেট, একজন উপ-পরিদর্শকসহ দুইজন পুলিশ সদস্য, চারজন আনসার সদস্য, স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিম সার্বক্ষণিক নিয়োজিত ছিল।
এ নির্বাচনে ১৪৫ ইউনিয়ন ও ১০টি পৌরসভার মোট ভোটার ছিল ২ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৫৯৮, নারী ভোটার ৪৯১।




















