বন্ড সুবিধায় শুল্ক ফাঁকি দিয়ে ১০৭ টন কাপড় এনে খোলাবাজারে বিক্রির জন্যে অননুমোদিত গুদামে খালাসের সময় আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটককৃত কাপড়ের বাজার মূল্য ১০ কোটি টাকা বলে জানা যায়। ১৮ অক্টোবর মঙ্গলবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. বশীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১৩ অক্টোবর বিকেল হালিশহরের বারওয়ানিঘাটায় এ অভিযান চালানো হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. বশীর আহমেদ বলেন, অন চেসিস সুবিধায় ডেলিভারি নিয়ে অননুমোদিত গুদামে বেআইনিভাবে মজুদ করা হচ্ছিলো, যা বন্ডেড ওয়্যার হাউস সুবিধার অপব্যবহার। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরো বলেন, আটক কাপড়ের শুল্কায়নযোগ্য মূল্য ৩ কোটি ২২ লাখ টাকা। রাজস্ব ঝুঁকি ২ কেটি ৮৮ লাখ। বাজার মূল্য ১০ কোটি। জানা যায়, অভিযানের সময় ৪০ ফুট লম্বা তিনটি কনটেইনার ও গুদাম থেকে ১০৭ দশমিক ২৬ টন পলিয়েস্টার ওভেন ফেব্রিকস আটক করা হয়। সাভাররের ডিইপিজেডের গোল্ডটেক্স গার্মেন্টস নামের আমদানিকারকের এ চালান খালাসে সিঅ্যান্ডএফ ছিলো স্পিডওয়ে লজিস্টিকস।


























