গাজীপুর টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে “শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক ” স্লোগানে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।গতকাল মঙ্গলবার বিকালে শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।
অধ্যক্ষ মনিরুজ্জামানের সভাপতিত্বে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, দেয়ালিকা স্থাপন, প্রজেক্টরের মাধ্যমে শেখ রাসেলের জীবনী উপস্থাপন, কেককেটে মিষ্টি বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, ৫৪নং ওয়ার্ডের আওয়ামীলীগের সদস্য সচিব হারুন-অর রশীদ, অভিভাবক সদস্য ওমর ফারুক, সহকারি প্রধান শিক্ষক আবুল কাশেম, আব্দুল মতিন, প্রভাষক জান্নাতুল আকরাম, শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল, সিনিয়র শিক্ষক জিএম ফারুক, শেখ জামাল উদ্দিন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নির্মমভাবে তাকেও হত্যা করা হয়। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ছাত্র ছিলেন।





















