স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ড. বদিউল আলম পাভেল বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম। রাষ্ট্রের কী করা উচিত তা তুলে ধরে গণমাধ্যম।
এটি বড় প্রেসার গ্রুপ। নিজের মেধা ও যোগ্যতা দিয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নির্বাচিত হয়েছেন তপন চক্রবর্তী। এটি রামুবাসীর জন্য বড় আনন্দের।
শুক্রবার (২১ অক্টোবর) সার্কিট হাউসে রামু সমিতির সভাপতি, বাংলানিউজের ডেপুটি এডিটর তপন চক্রবর্তী সিইউজের সভাপতি নির্বাচিত হওয়ায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রামে অবস্থানরত রামুর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রামু সমিতির সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক হামিদ উল্লাহ বলেন, সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর কর্মজীবন শুরু হয় শিক্ষকতা দিয়ে। দৈনিক আজাদীর রামু প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর আজকের কাগজ, আমাদের সময়ে সাংবাদিকতা করেন চট্টগ্রাম ব্যুরোতে। এখন তিনি বাংলানিউজের ডেপুটি এডিটর। এর আগে তিনি বিএফইউজের যুগ্ম মহাসচিব নির্বাচিত হন।
সংবর্ধিত অতিথি সিইউজে সভাপতি তপন চক্রবর্তী বলেন, রামু সমিতির এ ভালোবাসা চিরদিন মনে থাকবে। আমরা রামুবাসীর সুখে দুঃখে আছি।
তিনি বলেন, সাংবাদিকতা পেশা চ্যালেঞ্জিং হয়ে পড়ছে। আমার লক্ষ্য সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষা করা। সিইউজে ছয় দশকের ঐতিহ্যবাহী একটি সংগঠন। এর মর্যাদা রক্ষা করে দায়িত্ব পালনের জন্য সবার দোয়া চাই।
সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের সভাপতি, রামু সমিতির সিনিয়র সহ-সভাপতি হামিদুল হক। ক্রেস্ট উপহার দেন রামু সমিতি ও রামু স্টুডেন্ট ফোরামের নেতৃবৃন্দ।
সংবর্ধনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রাইম ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান রিটন বড়ুয়া, পরমাণু শক্তি কমিশন চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ড. শাহাদাত হোসেন, এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার নুরে আলম সিদ্দিকী, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের চেয়ারম্যান ধীমান শর্মা, জাহাঙ্গীর আলম, স্বদেশ শর্মা প্রমুখ।





















