জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, ডিজিটাল স্মার্ট কার্ডের মাধ্যমে ইতিহাসে চিরকাল বেঁচে থাকবেন মুক্তিযোদ্ধারা। প্রয়োজনে ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা হবে এই ডিজিটাল স্মার্ট কার্ডের মাধ্যমে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বীর মুক্তিযোদ্ধাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে।
দিনাজপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রমে উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকালে ২ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর শহরের নিমনগর সিপাহীপাড়ায় দিনাজপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন তিনি।
ইকবালুর রহিম এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে দেশকে উন্নত বিশ্বের কাতারে নেওয়ার পথে এগিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ সংগ্রামে জয়লাভ করতে চাই। যেমনটি ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বিএনপি জামায়াতের আমলে বীর মুক্তিযোদ্ধারা ভয় পেত নিজেদের পরিচয় দিতে। সম্মান তো দূরের কথা কোনো সুযোগ-সুবিধাও ছিল না। চিকিৎসার অভাবে মুক্তিযোদ্ধারা অনেকেই মৃত্যুবরণ করেছেন। আজ তা হয় না। বীর মুক্তিযোদ্ধারা বুক উঁচিয়ে নিজের পরিচয় দিয়ে থাকেন।
সমাবেশে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা নিজের ও পরিবারের কথা চিন্তা না করে বঙ্গবন্ধুর ডাকে এ দেশকে পাকিস্তানের হাত থেকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েছিলেন বীর মুক্তিযোদ্ধারা। আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এ দেশ স্বাধীনতা পেত না। জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মানের জায়গায় আসীন করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মুক্তিযোদ্ধা-ভাতা, চিকিৎসা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। মৃত্যুর পরেও রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হচ্ছে।
দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হেসেন বাবলু, শহর আওয়ামীলীগের সভাপতি এস এম শামীম আলম সরকার বাবু প্রমুখ।





















