ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের এক দিন পরে ঝোপের মধ্য থেকে মোনায়েম হাওলাদার নামে ২০ মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর এলাকার ঝোপের ভেতর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
পূর্বশত্রুতার জেরে ওই শিশুকে হত্যা করা হয়েছে বলে প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করেছে শিশুটির পরিবার। নিহত শিশু মোনায়েম ঝালকাঠি সদর উপজেলার সাচিলাপুর গ্রামের অটোচালক মোস্তফা হাওলাদারের ছেলে।
এ ঘটনায় শিশুর পরিবার নলছিটি থানায় অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে অটোচালক মোস্তফার শ্বশুরবাড়ি। কিছুদিন আগে তার শ্বশুর মারা যান। শ্বশুরের কোনো ছেলে না থাকায় তার স্ত্রী শিশুসন্তান মোনায়েমকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকেন।
তার চাচিশাশুড়ি একই বাড়ির আলী আকবর মৃধার স্ত্রী মুন্নি বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল তাদের।
শ্বশুর মারা যাওয়ার পরে চাচিশাশুড়ি বিভিন্ন রকম হুমকি দিয়েছেন। গতকাল রবিবার বিকেল ৪টার দিকে তার শিশুপুত্র মোনায়েম নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে ঝোপের ভেতর থেকে ছেলের লাশ উদ্ধার করা হয়।
শিশুটির চোখ ও নাক রক্তমাখা ছিল। তার ছেলেকে হত্যা করে ঝোপের ভেতর ফেলে রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, শিশুটিকে ঝোপের মধ্যে পানি থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















