নরসিংদীতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান (৩০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে সদর উপজেলার চিনিশপুর বিএনপির কাযার্লয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত আশরাফুল (২২) নামে আরও একজন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
পদবঞ্চিত ছাত্রদল নেতারা জানান, গত ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি, মাইনুদ্দিন ভূইয়াকে সিনিয়র সহ-সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।
এরপর থেকে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে আসছিলেন। এই জেরে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকনের চিনিশপুরের বাসভবন তথা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে একাধিকবার হামলার ঘটনা ঘটে।
ছাত্রদলের কমিটি বাতিলের আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন স্থানে মোটরসাইকেল শোডাউন করে বিক্ষোভ করছিলেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা। এসময় ছাত্রদলের অপর গ্রুপের নেতাকর্মীরা অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মাথায় ও পিঠে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় পদবঞ্চিত ছাত্রদল গ্রুপের দুই নেতা সাদেক ও আশরাফুল।
পরে পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দুইজনকে ঢাকা মেডিকেলে পাঠায়।
জেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সহ সহসভাপতি মাইন উদ্দিন ভূইয়া বলেন, জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকনের নির্দেশে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে এই হামলা ও গুলির ঘটনা ঘটেছে। দুইজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ফজলে ই খোদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । জেলা হাসপাতালে গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে, অপর একজনকে এর আগেই ঢাকায় পাঠানো হয়েছে বলে জানতে পেরেছি। কী কারণে এই ঘটনা ঘটেছে খতিয়ে দেখা হচ্ছে।




















