গাজীপুরের শ্রীপুরে বন্ধুদের সাথে মোটরসাইকেল করে কর্মস্থলে যাওয়ার সময় কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে গুলজার হোসেন (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে! ২৯ মে (সোমবার) সকালে উপজেলার শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত গুলজার হোসেন মোল্লা (৩৫) গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মোঃ মকবুল হোসেন মোল্লার ছেলে। তিনি ভাওয়ালগড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন। নিহতের দলীয় পরিচয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক শরিফ সিদ্দিকী। গুলজার শ্রীপুরের এক্স সিরামিক কারখানায় সিনিয়র অপারেটর পদে চাকরি করতেন বলেও তিনি জানান।
স্বজনদের বরাত দিয়ে ঘটনার বর্ণনায় জানা যায়, দুই বন্ধুর সঙ্গে নিজ কর্মস্থল এক্স সিরামিকস কারখানায় কাজে যোগদান করতে বাড়ি থেকে বের হয়েছিল গুলজার। মোটরসাইকেল চালাচ্ছিলেন তিনি নিজেই। তারা আনসার রোড হয়ে তাকওয়া গার্মেন্টসের সামনে পৌঁছার পর তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি কাভার ভ্যানের সংঘর্ষ ঘটে। এতে তিন জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মাওনা আল-হেরা হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ওই হাসপাতলে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক গুলজার হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত বাকিদের চিকিৎসা চলছে। তবে তাদের নাম জানা যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের বিজনেস বাংলাদেশকে বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। কাভার্ড ভ্যান পুলিশের কাছে আটক আছে তবে চালককে পাওয়া যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















