মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের ধলই সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তিন রোহিঙ্গা নারীকে আটক করে শুক্রবার দুপুরে থানায় সোপর্দ করেছে।
আটককৃত রোহিঙ্গারা নারীরা হলেন, মিনারা বেগম (২০),স্বামী—সৈয়দুল আমিন, উখিয়া ক্যাম্প—১৪, ব্লক—সি—১, ফরমিনা বেগম (২০),পিতা—ইকবাল আহমদ, ক্যাম্প ৫, ব্লক—বি—১, হামিমা বেগম (২০), পিতা—নুর
আলম, ক্যাম্প—১৪, ব্লক—বি—৩।
পুলিশ ও স্থানীরা জানান, কক্সবাজার উখিয়া ক্যাম্প হতে পালিয়ে আসা রোহিঙ্গা ৩ জন নারী ও ৪ জন পুরুষ সদস্য কমলগঞ্জের ধলই বর্ডার দিয়ে ভারতে যাওয়ার জন্য গত বৃহস্পতিবার উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে আসে।
শুক্রবার সকাল ১০টায় ৪ জন পুরুষ রোহিঙ্গা ধলই সীমান্তের চা বাগানের ১৪ নং সেকশন দিয়ে কাটা তার অতিক্রম করলেও ৩ জন নারী সদস্য ধলই বিজিবি সদস্যদের হাতে আটক হয়।
কমলগঞ্জ থানার এসআই মহাদের বাচাড় জানান, বাংলাদেশ অতিক্রম করে ভারতে প্রবেশের পর ৪ জন
পুরুষ রোহিঙ্গাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা আটক করলে ঐ রোহিঙ্গা নারীরা আর ভারতে প্রবেশ করেনি। পরে ধলই বিজিবি সদস্যদের হাতে আটক হয় তারা।
কক্সবাজার উখিয়া ১৪ ও ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের আঁধারে তারা ক্যাম্প থেকে পালিয়ে গিয়েছিল।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, আটককৃত ৩ নারী রোহিঙ্গাদের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।




















